তোমায় খুঁজে নেবো
যশ চক্রবর্তী
আমি গভীর বনে হারিয়ে যে যাই, হারাই গাছে রোদ্দুর
আমি মনের সাথে যুদ্ধ করে, পারি দেবো সমুদ্দুর
আমি দুরন্ত বেগে ঘূর্ণি হবো, ভাঙবো নির্জনতা
আমি জলের সাথে শুনবো বসে সুরের উদ্দামতা
আমি আকাশ না হই, বাতাস না হই, নাই বা হলাম ঢেউ
আমি দেখেছি মুখ, খুঁজেছি তোমায়, ঠিকানা দেবে কি কেউ
আমি বেহুঁশ হলাম মনের মাঝে, বৃষ্টি স্নানে জাগা
আমি নীল দরিয়ায় এলিয়ে দিলাম চেতনায় ভালো লাগা
আমি পাখির মতো আকাশ চড়ি, পেরিয়ে গ্রাম আর শহর
আমি বিভোর গহনে ডুবি বেশি করে, ভুলে সব ঘর দোর
আমি ঠায় বসে দেখি ঝড়ের মাতন, কথকতা কতো কথা
আমি গল্প খুঁজি আনাচে কানাচে, জমে থাকা যতো ব্যথা
আমি বন্দী হবো না আঁধারের নেশায়, ছন্দে হবে না পতন
আমি রামধনু রঙ ছড়িয়ে দেবো হৃদয় জুড়ে আপন
আমি সেতারের তারে মূর্ছনা হয়ে ঝর্না ঝরে যাবো
আমি শিশিরের সাথে সন্ধি করে তোমায় খুঁজে নেবো