তোমার আড়ালে
যশ চক্রবর্তী
মেঘে মেঘে মেলেছো ডানা আবেগ চলাচলে
খেয়ালী বৃষ্টির জল ধোয়া কার্নিশে
ঢিমেলা একলা মন বৃষ্টি বাতাসে
শুনেছি তোমার কথা ভোরের আকাশে
জ্যোৎস্নার আঁচড় জাগে পাহাড়ের কোলে
জানালায় রেখেছি আলো তোমার আড়ালে
প্রজাপতি জেগে ওঠে
আঙ্গুল ছোঁয়ালো ঠোঁটে
হাওয়ায় ভাসে সুর দূর কোনো দেশে
বর্ষা ফিরলো স্রোতে
তোমার চলাচলে
পেয়েছি তুলির খোঁজ তোমার ক্যানভাসে
একমুঠো গুড়ো রোদ
এ মন হারালো বোধ
খুঁজেছি তোমায় কতো ভিড়ে
সেতারের তারে ঝড়
গোপন বালুচর
জুড়েছি তোমায় আবদারে
ইশারায় আধোঘুম
কিনারায় নির্ঘুম
ছুঁয়েছি তোমায় আজ ভীরু আদরে
আনমনা হলো কথা
ধুয়ে যায় নীরবতা
ঢেকেছি চাঁদ আজ নীল চাদরে
ঘাসেদের কানাকানি স্তব্ধতার জলে
হিম হলে যাবে হয়ে তোমার শরীরে
জানালায় রেখেছি আলো তোমার আড়ালে