সব কিছু ফুরোবার আগে
যশ চক্রবর্তী
সেখানে যেতে চাস কিনা বল
যেখানে জলের সাথে জলের থাকাথাকি
জীবন ছুঁয়ে জীবন পাকাপাকি
চল, সব কিছু ফুরোবার আগে চল …
সেখানে যেতে চাস কিনা বল
যেখানে ঝিম মেরে ঘুম আসে ভুল করে
সময়ের থেকে ঘোড়া ছোটে খুব জোরে
চল, সব কিছু ফুরোবার আগে চল
সেখানে যেতে চাস কিনা বল
সব তারা যদি খসে পড়ে একদিন
তোর পাশে যদি হেঁটে চলে আলাদিন
মেঘ যদি বলে ভিজবো না আমি আর
রোদ যদি বলে জ্বলবো না আমি আর
আবছায়া ঘুম থেকে
সেইদিন নিস ডেকে
সব কিছু ফুরোবার আগে …
সেখানে যেতে চাস কিনা বল
সেখানে টপ্পা খেয়াল করে ঠুকোঠুকি
স্নানঘরে গান করে মুখোমুখি
চল, সব কিছু ফুরোবার আগে চল …
সেখানে যেতে চাস কিনা বল
সেখানে মেঘের সাথে মেঘের লুকোচুরি
সময়কে ফাঁকি দিয়ে নীলের আদর মাখি
চল, সব কিছু ফুরোবার আগে চল …