পঁচিশে শপথ
যশ চক্রবর্তী
কখনো প্রাসঙ্গিক ঝড়ে বৃষ্টি তোলপাড়
কখনো আলপথ ধরে বিশ্ব পারাপার
কখনো ছুঁয়ে যায় মন অভিমানী আপন
কখনো বালিয়াড়ি শুধু তোরাই দুজন
কখনো জেগে থাকে আলো আলো মুখ
কখনো রোদের কণায় বাড়ানো চিবুক
কখনো রামধনু এঁকে দেয় কথা
কখনো ঘিরে থাকে স্বপ্ন জটিলতা
কখনো শরৎ আসে কখনো জাঁকিয়ে শীত
কখনো কেউ বা হারে কারো হয় জিৎ
কখনো বা কেউ ঠিক কেউ করে ভুল
কখনো পাশাপাশি ভরসার মাস্তুল
কখনো জয়ের চেয়ে ভালো পরাজয়
কখনো কুয়াশা ঘেরা তবু নির্ভয়
কখনো আলতো ছাওয়ায় বিকেলের ঘ্রান
কখনো বসন্ত রাতে জেগে ওঠে প্রাণ
কখনো বিষন্ন দিনে অবুঝ বিরোধ
কখনো জীবন শেখায় পরিণত বোধ
কখনো গাছে গাছে পাখিদের ডাক
কখনো যেমন আছিস তেমনি না হয় থাক
কখনো অভিযোগ ঢাকা পড়ে সোহাগে
কখনো এমন প্রেম দেখিনি তো আগে
কখনো উষ্ণতা বাধে না তো মানা
কখনো সামা হ্যায় সুহানা সুহানা
এমন দিনেই হোক শপথের সাজ
২৫ বছর সবে বাকি তো হাজার কাজ
বাকি পথ হেঁটে যাবি হাতে হাত ধরে
লিখে রাখ এটা আজ স্বাক্ষরে স্বাক্ষরে
(মহুয়া ও প্রতীক - কবিতাটা তোদের জন্য। শুভেচ্ছা রইলো তোদের শুভ ২৫ তম বিবাহবার্ষিকীতে)