পলাতকের লজ্জা
যশ চক্রবর্তী
আরেকটু এগোলেই তীব্র অন্ধকার
ওত্ পেতে বসে আছি জানি
প্রতি পদক্ষেপেই তাই সুনিপুন জ্যামিতির হিসেব
ভুল হয়েছিলো সেবার
দিগন্ত ছুঁয়ে দিগন্ত হতে চেয়েছিলাম
দিগন্ত দুর্নিবার, জানি নির্লজ্জ চুম্বকের মতো টেনে নিয়ে যায়
উত্কৃষ্ট প্রলোভন কুঁড়ে কুঁড়ে খায়
সন্তর্পনে তাই, সূর্যকে ছুঁয়ে সূর্য হতে চাই এবার
আলোকে ছুঁয়ে আলো
নিশ্চিত কঠিন, আরো কঠিন নিরন্তর মৌন এ-প্রয়াস
তবু আমি চাই - আলো হতে চাই
চাই না পলাতকের ঘ্রানহীন জীবন
লজ্জা নেই তাই, নেই পাপ
নেই অস্তিত্বের ধুসর স্বপ্নবোধ
কতোবার পালাব বল
কতোবার দিগন্ত হবো
সূর্য হবো কতোবার
পলাতক আমি
পলাতকের (আবার) লজ্জা কি!