ফিরিয়ে দিতে চাইলে
যশ চক্রবর্তী
ফিরিয়ে দিতে চাইলে দিতে পারো
কি দেবে আর না দেবে হিসেব যদি রাখো
সম্পর্কের গোনাগুনতি টুকরো কোরে জড়ো
জুড়তে তুমি পারো কিনা দেখো
জটিল হয়ত তেমন কিছু নয়
অভ্যেসে সয়ে যাবে একদিন
শুরুটা সবারই এমন হয়
তারপর কেটে যাবে চিরদিন
মাঠের আল, গাছের পাতা, গাছের পাতার ফাঁক দিয়ে রোদ
হাতের তালুর মতোন শিরায় শিরায় চিনতাম
ফিরিয়ে দেওয়ার আগের যতো মূল্যবোধ
সত্যি যদি বুঝে নিতে পারতাম
এখন তো পর্দার অনেক পেছনে চলে গেছে ওরা
অনেক চেষ্টায় কিছু কিছু মনে পড়ে
নতুন যারা এসেছে সব আনকোরা
দেখা যাক এরা আবার কবে যায় সরে
তোমার কি নতুন কিছু খবর হোলো
নাকি জোড়াতাপ্পির কাজ এখনো চলছে
আজ উঠি, আবার দেখা হবে চলো
ঘড়ির কাঁটায় লেগে থাকা স্মৃতি দুলছে