পুজো সিরিজ - নবমীর ফিউশন
যশ চক্রবর্তী
এসেছে শরত হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে,
নবমীর দিন, অদ্ভুত সিন, স্মৃতি যায়, আসে ফিরে
সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ঝরে
ঢাকের বাদ্যে, বুকের মধ্যে, মন ছুক-ছুক করে
আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু
শর্ট-স্লিভ শার্ট, ফুটি-ফাটা জিন্স, ফাটিয়ে দিয়েছো গুরু
পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু
আজ নবমী, লাস্ট চান্স জানি, পরোয়া করি না কারু
শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা
বন্ধুরা বলে পুজো গেল চলে - এখনো পেলি না শালা
মালতিলতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা
প্রেম তো আছে, প্রেমিকা যে কই? এ-তো হোলো বড় জ্বালা
গগনে গগনে বর্ষণ-শেষে মেঘেরা পেয়েছে ছাড়া
গহন-গভীরে, মনের ভেতরে, প্রেমের প্ল্যানিং সারা
বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে, নেই কোনো কাজে তারা
ফুচকা দেদার, রোল বার-বার, পুজো-তে বাঁধন-হারা
দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে
যতো প্ল্যান ছিলো, সব ভোগে গেলো, সব ট্রাই গেলো মরে
কচি ধান গাছে খেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে
আমি এক পিস, হারিয়ে হদিস, কেলিয়ে একলা পড়ে
যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি
জুটল না ভাই, এবারেও তাই, বৃথা গেলো বুঝি সব-ই
পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি
নিরস বদনে, দেবদাস তাই, কবিতা লিখেই কবি