কথার কথা
যশ চক্রবর্তী
কথার গায়ে কথা লেগে আছে
কথার ভেতর কথার বৃষ্টি এখন
কথার কথা ঘরে ফিরে গেছে
অন্য কথা বলা এখন বারণ
তবু তুমি কতো কথা বলো
তোমার কথা জেগে থাকে রাতে
আমার কথায় ইশারা নেমে এলো
আমার কথা শোনো কান পেতে
নতুন কথা নতুন স্রোতের মতো
তোমার কথায় আরো কথা আসে
কথায় কথা ভাঙছে অবিরত
আমার কথা তোমার জলে ভাসে
আমার কথা তোমায় চেনে জানে
আমার কথায় তোমার পুতুলখেলা
আমার কথা তোমার অভিমানে
তোমার কথায় আমার দুপুরবেলা
কথায় বলে কথার মতো কথা
তোমার কথায় কুয়াশা মেখে গায়ে
কথার দিব্যি আমার মুন্ডু মাথা
ফিরলো কথা তোমার পায়ে পায়ে