কিছু বিন্দাস
যশ চক্রবর্তী
কিছু টুকিটাকি, কিছু ছেলেবেলা
কিছু আঁকি-বুঁকি, কিছু ছেলেখেলা
কিছু চিরকুট, কিছু এলোমেলো
কিছু রং রুট, জমে থাকা ধুলো
কিছু হিজিবিজি, খালি পাতা ছিঁড়ি
কিছু কাটাকুটি, চলে যাওয়া সিঁড়ি
কিছু নিয়ে যাওয়া, কিছু দিশেহারা
কিছু চিলেকোঠা, কিছু ঝড়ে ওড়া
কিছু পুড়ে যাওয়া, বুকে নিয়ে আশা
কিছু চোখে নেশা, চেনা সুখে ভাসা
কিছু বেপরোয়া, কিছু প্রেমে পড়া
কিছু ডুবে যাওয়া, রাতে বাড়ি ফেরা
কিছু ঠিকঠাক, ভীড় ঠেলে সোজা
কিছু ভুলভাল, নীল ঘাসে খোঁজা
কিছু অভিমানে, কিছু অনুরাগে
কিছু সুরে সুরে, কিছু ভাবাবেগে
কিছু হাতে হাত, মেঠো পথে চলা
কিছু কিছু করে বয়ে যায় বেলা
কিছু টাইম-পাস, কি বা এসে গেলো
কিছু বিন্দাস, পাতা ভরে গেলো