ইচ্ছে মাফিক
যশ চক্রবর্তী
কোলাজ তোমার গালের ছোঁয়ায় ঠোঁটের আঁকিবুকি
নীরব তখন তোমার পায়েল বর্ষা রাতের ঝুঁকি
ঘুম দিয়েছে লম্বা পাড়ি চোখের পাতায় নালিশ
অস্কারাতে পাহাড় ধাপে আশ্রয় কোলবালিশ
তোমার পাড়ায় আমার কথা প্রতিধ্বনি ফেরে
স্বপ্নগুলো ইচ্ছে মাফিক ছুটতে থাকে জোরে
রেলিঙ ধারে তোমার আমার একলা দোকলা বাঁক
একলা মনের দোসর ছবি আঙুল ছুঁয়ে থাক
বৃষ্টি তখন আকাশ জুড়ে প্রহর হোলো শেষ
মনখারাপি আঁচল ঢেকে রইলো পড়ে রেশ
ইচ্ছে গাড়ি দিচ্ছে পাড়ি সবুজ মাঠে ঘর
রইলে তুমি আমার পাশে ব্যাপ্ত চরাচর
আলগা বাঁধন হালকা সুতোয় দিব্যি সুখের টান
উঠোন জুড়ে শব্দ ছড়ায় তাই পেতেছি কান
কাঁচের দেওয়াল ঠুনকো ভিড়ে প্রতিচ্ছবি ভাসে
তাই যে আমার মনের খবর তোমায় ভালোবাসে