হিট-জুটি
যশ চক্রবর্তী
চুমুক ছলাৎ নেশার জলে
যুদ্ধ বারুদ লাগলো বলে
যাচ্ছ এবার তা'লে কোথায়, যাচ্চলে
ফিরতি হাওয়া লাগলো গায়ে, মন দোলে
দুই পেগেতে উঠলো তুফান
বোমার ঘায়ে স্তব্ধ শ্মশান
মরতে তোমায় হবেই নাকি, আ-ম'লো
নাটক এবার জমছে হেভি, জমকালো
ভিড়তে পারে মক্ষিরানী
পিছলে পড়ে রাম-প্যাদানি
সত্যি তুমি যাচ্ছ নাকি, যাঃশালা
এই সেরেছে আটকাবো কি, গেট খোলা
সর্বনাশের মাথায় বাড়ি
অর্থ গেলো কাড়ি কাড়ি
তবুও তুমি ফিরছো না যে, ধুর-ছাতা
ভুলের ভুবন হিসেব খাতার সব পাতা
নুনের ছিঁটে কাটার ঘায়ে
সটান বডি তোমার পায়ে
এবার তোমায় ফিরতে হবেই, খুনসুটি
প্রমিস দিলাম হবোই এবার, হিট-জুটি