গুল তাপ্পি ঢপ
যশ চক্রবর্তী
বারফাট্টাই ফাটাফাটি রোদ্দুরেতে ঝিলিক
মালটা যদি যায় ফসকে এক চোখেতে শালিখ
তোর ঘরেতে বদের বাসা, ফালতু লোকের আড্ডা
উল্টে গেলেন গনেশবাবু, দোষী মিস্টার চাড্ডা
বাটুলবাবু ডিস্কোথেকে, কেলোর কীর্তি যতো
ভুতের গায়ে মাছের গন্ধ, বাড়ির গায়ে ক্ষত
ব্যাংককেতে ব্যাঙ্ক খুলেছে, ছুটবি কেনো আগে
ভাঙলো হাঁড়ি হাটখোলাতে, ইমেজ মায়ের ভোগে
নাচতে গিয়ে বাঁকলো সিঁড়ি, উঠতে গিয়ে খটকা
কানের গোড়ায় কানচাপাটি, মনের গোড়ায় মটকা
ফ্যানের ব্লেডে নকল ফাঁসি, কাটল ছোরায় শিরা
শুকনো লঙ্কা আপেলভাতে সঙ্গে কালো জিরা
ইকির্মিকির চামের চিকির, মস্তি ফুল অন গানে
খিদের জ্বালায় ফন্দিফিকির ভুললো দাবার দানে
ধারাপাতে পড়ল চোনা, ইঁদুরকলে বাঘ
আসছে এবার ডি কে বোস, আগে ভাগে ভাগ
নইলে বসে শুনতে হবে গুল তাপ্পি ঢপ
বিন্দাস লোক জাবর কাটে পানিফলের চপ
লে হালুয়া দে হালুয়া, হালুয়া খাবি কতো
হালুয়া টাইটে বন্দী বোতল মিথ্যে কথা যতো