একলা
যশ চক্রবর্তী
কতো পথ এসেছি একলা হেঁটে - ঘামে ভিজে গেছে
ফেলে আসা পথ
শেষ তোমায় দেখেছিলাম যেদিন
সারারাত নির্ঘুম জ্বালা-জ্বালা লাল চোখ তোমার
ছেলেবেলার দীর্ঘ নদীর পাশে
ইচ্ছে ছিল তোমার চোখে চলে যাওয়ার
জলের সঙ্গে জলের সংঘর্ষ
ঢেউ-য়েরা শব্দ করেছিল সেদিন
তুমি ছিলে নিশ্চুপ
শেষে সিঁড়িভাঙা সহজ সরল অঙ্কের মতো
বলেছিলে আমায় - উঠি তা'লে এবার
তিন শব্দ তোমার
দিয়েছিল দাবানল আমায়
এরপর আরো কতো পথ
এসেছি একলা হেঁটে
ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে
সেই সব পথ