ভরসা রাখি, সায়ন্তন
যশ চক্রবর্তী
স্নান সেরে ভেজা চুলে কখন যে দাঁড়িয়েছো
এসে পাশে
কিংবা জানালার গরাদ ছুঁয়ে চিবুক
কিংবা দুই শিকের মাঝে তোমার মুখ
কিংবা সেবারে বর্ষার জমা জলে
শাড়ি বাঁচিয়ে চটি হাতে তোমার ছলাত ছলাত চলা
প্রতিটি ফ্রেম প্রতিটি ছবি দীর্ঘদিন ধরে আঁকা
সময় নিয়ে আঁকা
বাঁ-দিকের ওই ছবিটাই তা'লে ধরি
কোথাও তো তুমি নেই - তোমার চোখমুখ
কিংবা পায়ের পাতা - কোথাও
কোথাও তো তুমি নেই
অথচ ছবি জুড়েই তো তুমি
কলঙ্কিত চাঁদ আলোকিত আজ
পাপহীন তোমার ধ্রুপদী কোমল আভায়
বিষাদ নিম - সবুজ তেতো
স্বপ্নের ছবি - বুঝি দুঃখের ছবি
তবু ভালো লাগে বিষাদ যন্ত্রনায়
সবুজের ছোঁয়ায় হয়তো কোনো উত্তরণের উঁকি
নোনাবাতাস গ্রাস করে তোমার মুখ
ওড়ে চুল হাওয়ায় এলোমেলো
আছে কি লুকিয়ে কোথাও নরম কোনো প্রার্থনার সুর
তোমার পায়ের আঙ্গুলের স্পর্শে
অবৈধ মাটি শস্যদানায় ভরপুর
নতুন প্রজন্ম দৃঢ় চিহ্নিত বুঝি সাযন্তনের হাতে !
সাগ্নিক লাল আভায় বড় চেনা মুখ কিংবা
ঘানিক জ্যামিতির নক্সাকাটা তোমার হাসির পরিচিত ছবি কিংবা
বেপরোয়া রঙের দ্বন্দ্বে ভিন্ন হলেও সেই তো তুমিই
উথালপাতাল জনসমুদ্রের মাঝে
আজও যে চিনতে পারি - সেই তুমি, স্বতন্ত্র তুমি
আলোর ছবি - তোমার ছবি
পিঠে হাত পরে
ঘুরি, দেখি -
একগাল হাসি হাসি সায়ন্তন ...
আস্থা রাখি বিশ্বাসও করি
বড় ভালো বড্ড ভালো এবার তা'লে চলি
মনে মনে বলি - জানি ভালো আছো তুমি
তবু ভালো থেকো তুমি
সায়ন্তনের কাছে সায়ন্তনের হাতে