ভিজতে পারি
যশ চক্রবর্তী
ভরে গেছে গাছের পাতায়
তোমার শরীর ঘিরে
মিথ্যে সত্যি থাকলো পড়ে
রইলো আতুরঘরে
ভাবছো কেনো কোন বাউলে
মনটা সারাৎসার
ইচ্ছেগুলো হামাগুড়ি
শৈশব হলো পার
চুম্বকে মন টানলো তোমায়
ইশারাতে ঘর
যৌবনেতে পার ছুঁয়েছি
ভাঙছি বালুচর
বৃষ্টি যখন নামল তোড়ে
উপত্যকায় ভিড়
চায়ের কাপে তুফান তুলে
(আমি) লক্ষভেদে স্থির
চুপকথায় ডাকলো যখন
কোথায় গভীর তল
তোমায় আজ পড়ছে মনে
শান্ত অবিচল
উড়ছে ফানুস কোন শাসনে
চোখের তারায় ফাঁকি
একসাথে রোজ ভিজতে পারি
তোমার মুখোমুখি