বারুদ
যশ চক্রবর্তী
শুধু তোর দিকেই চেয়ে থাকা
আজও ভিজে আকাশের নিচে
ঢিমেতালে কতো ভোর এলোগেলো
ঘুম নির্ঘুম এখনো রয়েছি বেঁচে
বারুদ ঝলসানো সুর জাগে মনে
কতো গিটারের দীর্ণ সুরের ঝড়ে
জীর্ণ ফাটল হৃদয় পাঁচিল ভেঙে
উদাসীন মন স্বপ্নগুলো পোড়ে
ঘুম যদি ভাঙে মাঝরাতে
তারায় তারায় উপচে পড়ে না আকাশ
আদিম মুখোশে ঢেকে গেছে তোর মুখ
বেমানান আজ স্বপ্নিল অভিলাষ
তুই কি ছিলিস কোনোভাবে কোনোদিন
চোরাস্রোতের সম্পর্ক ছুঁয়ে আমায়
বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে সব
দাউদাউ আগুন বইছে ধমনী শিরায়