বাপ রে বাপ
যশ চক্রবর্তী
উচ্চিংড়ে বেগুনভাজা কাঠঠোকরা জলের ট্যাংক
ফুটবে শিশির থালার মাঝে রংদেশলাই মজার ব্যাংক
আয়নাতে মুখ দেখবো না আর ভিনদেশেতে চিংড়িমাছ
মার খেয়ে দই ফাটল বোমা মুশকিলেতে কুমড়োগাছ
বিজ্ঞাপনের ছয়্লাপেতে বন্দুকে রঙ হাফটাইম
টিভির গায়ে জলের পোকা অধ্যাপনায় পার্টটাইম
গাজর যখন ফ্যানের ব্লেডে ক্যালেন্ডারে ভাদ্রমাস
সিন্দুকেতেই চাবির আগুন ধান চাষেতে সর্বনাশ
খ্যাংড়াকাঠি পেরেকমাথা কেরোসিনেতে লম্বা লাইন
চৈতন্য ইসলামাতে লেকচারেতে তরুণ পাইন
গঙ্গা যখন ফাটল মাথায় কাটল ফাঁড়া বজ্রপাতে
হুংকারেতে ফটোর বাঁধাই বর্ধমানের আদালতে
তুষারপাতে উঠলো বিমান খেলনাওলার গলায় বেলুন
চশমা পায়ে গাড়ির ওপর ছোট্ট চুলে বন্ধ সেলুন
রোববারেতে মাখনভাজা আবীর মাখা দোলের সাজ
রাজায় প্রজায় যুদ্ধ হলেও থামল নাকো তর্কবাজ
বিয়ের দিনে মুখেভাতে চড়ল টাকে টাকার কল
পুরুতমশাই মন্ত্র পরে শ্রাদ্ধ করে ভূতের দল
ফালতু যতো ওলোটপালট ভাসছিলো সব বাপ রে বাপ
মায়ের দেওয়া ধাক্কা খেয়ে স্বপ্নগাড়ি নিম্নচাপ