আয়ুষ্মান (রি-লোডেড)
যশ চক্রবর্তী
একটা সময় ছিলো
অনেক তখন, অনেক কিছু
আয়ুষ্মানের ছিলো -
আয়ুষ্মান হঠাত কেন
রুগ্ন হয়ে গেলো ?
বন্ধ হোলো চোখের আলো
শব্দ চলে গেলো
এই তো সময় আয়ুষ্মানের
উড়িয়ে ধুলো ঈশান কোনের
মাস্তানিতে ভালো থাকার
এই তো কথা ছিলো
এই নিমেষে প্রেক্ষাপট
বদলে গেলো দৃশ্যপট
বদলে গেলো লোকটা
বৃষ্টি বাদল উল্কা পতন
সাইক্লোন আর ঝড়ের মাতন
নুইয়ে গেলো লোকটা
কম কি ছিলো আয়ুষ্মানের
ঘৃণ্য যতো অবিশ্বাসের
সরিয়ে সেসব বাইরে ঘরে
বজ্রকঠিন অঙ্গীকারে
উন্মাদনা গভীর চোখে
প্রেমের খাতার পাতায়
প্রতিজ্ঞাতে বদ্ধ শ্বাস
ছিলো তখন বারোমাস
উৎসবের স্বপ্নবোধে
গভীর অতলতায়
একটা সময় ছিলো
অনেক তখন, অনেক কিছু
আয়ুষ্মানের ছিলো -
আয়ুষ্মান হঠাত কেন
রুগ্ন হয়ে গেলো ?
বাঁচার কথা ছিলো
এই তো সময় আয়ুষ্মানের
বাঁচার কথা ছিলো
ব্যস্ত এখন
লড়ছে এখন
পাঞ্জা লড়াই জোরে
মৃত্যুর সাথে
প্রতি দিনে রাতে
যুদ্ধ ভেতর জুড়ে
কাটবে হয়তো আর কটা দিন
আর কটা মাস বেশি
শিকড় ছিঁড়ে বছর খানেক
মরা বাঁচা পাশাপাশি
শয্যাশায়ী আয়ুষ্মানের গোনাগুন্তি প্রহর
বাস্তব বড় হিজিবিজি কাটা
তীক্ষ্ণ জটিল প্রখর
একটা সময় ছিলো
অনেক তখন, অনেক কিছু
আয়ুষ্মানের ছিলো –
উৎসবী রাত অঙ্গীকারের
হাজার রঙিন স্বপ্ন
ভাঙবে কাঁচের গুড়োর মতন
ভালোবাসাবাসি ছিন্ন
চোরাবালিতে লুকোবে মুখ
অবিশ্বাসের আহ্বান
শেষ হবে সব উড়াল দেওয়া
বাতিল উড়ান অভিযান
দৃষ্টি হবে পাথর কঠিন
শুকনো অন্ধ চোখ
গড়িয়ে সময় ভুলে যাবে লোক
আয়ুষ্মানের শোক
একটা সময় ছিলো
অনেক তখন, অনেক কিছু
আয়ুষ্মানের ছিলো –
বাঁচার কথা ছিলো
এই তো সময় আয়ুষ্মানের
বাঁচার কথা ছিলো